২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও দলীয়করণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ  © টিডিসি ফটো

‎সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি ও দলীয়করণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় ছাত্রশক্তির নেতাকর্মীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে রাজনৈতিক ভিন্নমত দমন ও দলীয় প্রভাব বিস্তার বন্ধ করা, পুলিশ ভেরিফিকেশনকে বৈষম্যমূলক নিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা এবং শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
‎
‎বিক্ষোভ সমাবেশে জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফৌরদাস শেখ বলেন, ‘তরুণদের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা চাকরির বাজারে কোনো ধরনের দলীয় প্রভাব মেনে নেওয়া হবে না। তিনি সরকারের উদ্দেশে সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের চাকরির অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের বৈষম্য হলে তরুণ সমাজ এর বিরুদ্ধে অবস্থান নেবে। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সময় থাকতে সংশোধনের আহ্বান জানান।’

‎তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় রাস্তায় নেমেছিল। সেই প্রত্যাশার বিপরীতে সরকারি চাকরিতে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হলে তা তরুণ সমাজের সঙ্গে প্রতারণার শামিল হবে।
‎
‎জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের মতো ঘটনার সমালোচনা করে তিনি সরকারের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানান।
‎
‎পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময় রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণ কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ততার কারণে যোগ্য চাকরিপ্রার্থীরা বাদ পড়লে তা বৈষম্যমূলক আচরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।