সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মেনে নেবেন না বলে জানিয়েছেন সদ্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যান করে তারা বলেছেন, যে প্রতিষ্ঠানের বঞ্চনা থেকে মুক্তি পেতে আন্দোলন করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আবার ভিসি নিয়োগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসব কথা বলেন। তারা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লাল কার্ড দেখিয়ে। অথচ সেই ঢাবি থেকেই ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর যদি তার পরিবারের কাউকে ক্ষমতায় বসানো হতো, দেশবাসী কি তা মেনে নিত? ঠিক তেমনি ঢাবির সিন্ডিকেট থেকে বের হয়ে আবার ঢাবির কোনো শিক্ষককে ভিসি হিসেবে তারা মানবেন না।
তারা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি নতুন ধারার প্রতিষ্ঠান যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেটের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। যেটা শিক্ষার্থীদের রাজপথে রক্ত ঝরানোর বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বারবার রাজপথ থেকে শুরু করে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয় শিক্ষার্থীদের ঘোরার বিপরীতে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়।
সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে হবে, এরকম কোনো নিয়ম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মানবে না উল্লেখ করে তারা কয়েকটি দাবির কথা জানান।
আরও খবর: ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থীদের সায়েন্সল্যাবে সড়ক অবরোধ
দাবির মধ্যে রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মেনে না নেওয়া এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসির বক্তব্য প্রত্যাহার করা; আগামী দুই কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করা; দ্রুত আটকে থাকা পরীক্ষার রুটিন প্রকাশ ও ফলাফল প্রদান এবং নতুন শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার পদ্ধতি চালু করা।
প্রশাসনিক হয়রানি এড়াতে দূরে কোথাও না গিয়ে বর্তমান সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন ও টিএসসি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে ‘সংযুক্তি’ শব্দটি চিরতরে বাতিলের দাবিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। সর্বশেষ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।