২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২

টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এদিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা যানবাহন শাখা-সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিল শেষ করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে দেয়াল লিখন কর্মসূচি পালনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, ‘গতকাল আমরা জেনেছি উপাচার্য পদে অধ্যাপক শরীফুল যোগদানপত্র পাঠিয়েছেন। এরই প্রতিবাদস্বরূপ আমরা আজ বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। গতকাল আমাদের শিক্ষকবৃন্দ রবিবার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবেই অধ্যাপক শরীফুলকে উপাচার্য পদে চাই না।’