ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ। ফল প্রকাশের পর এ বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উপাচার্য বলেন, মাত্র ২৭ কর্মদিবসে এত বড় একটি পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
যারা গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা ফেল করেছেন, তারা পড়াশোনা করে আবার পরীক্ষা দেবেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘Failure is the pillar of success.’
উপাচার্য বলেন, লক্ষাধিক শিক্ষার্থী ফেল করেছেন এবং তাদের প্রতি সমবেদনা রয়েছে। তবে এটিই প্রকৃত পাসের হার এবং ফলাফলে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গুণগত শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। তবে কেন এত সংখ্যক শিক্ষার্থী ফেল করেছেন, সে বিষয়টি নিয়ে সামনে গবেষণা করা হবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়নসহ মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।