২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় এসব কলেজে বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি কলেজে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনা দেন।

ড. আমানুল্লাহ বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমে যুক্ত করা হবে। এ ক্ষেত্রে সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজগুলোতে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে।

সেশনজট কমানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরে উপাচার্য বলেন, এখন মাত্র ২৭ কর্মদিবসে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় অর্জন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া ও নির্ধারিত সময়ে ফল প্রকাশের এই কাজের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষা কার্যক্রম পরিচালনার মতো বড় দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে ড. আমানুল্লাহ বলেন, সময়ের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংশোধন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনায় নিয়ে দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ মতবিনিময় সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।