ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমালোচনা
ঢাকা কলেজের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থীর নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরি-সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সময়ে অনুষ্ঠান চলাকালে জুনিয়র-সিনিয়রদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার অভিযোগও উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব’ এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল ফেসবুকে লিখেন, শহীদ মিনার কি গান-বাজনা আর বিনোদনের মঞ্চ হয়ে গেল? যে মাটিতে ভাষার জন্য শহীদদের রক্ত ঝরেছে, সেখানে এমন আয়োজন! শহীদ মিনার কি কোনো কনসার্টের স্টেজ বা কোনো বিনোদনকেন্দ্র, যেখানে ছেলে-মেয়েদের দিয়ে নাচানো হবে?
তিনি আরও লিখেন, এটি আমাদের ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতীক। এখানে দায়িত্বশীলতা ও সংযমই প্রত্যাশিত। কিন্তু আমরা তার ঠিক বিপরীত কিছু দেখতে পাচ্ছি। যারা এমন আয়োজনের অনুমতি দিচ্ছেন, তাদের কাছে প্রশ্ন, এমন সিদ্ধান্তের যৌক্তিকতা কোথায়? নাকি শহীদদের রক্তের স্মৃতির সঙ্গেও এমন তামাশা চলবে?
ক্ষোভ প্রকাশ করে কলেজের আরেক শিক্ষার্থী মো. আরাফাত হোসেন ফেসবুকে লিখেন, একটা ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এবং শহীদ মিনারের উপর এমন প্রোগ্রাম? শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ ঢাকা কলেজের মুক্ত মঞ্চ পরে আছে সেটার যত্ন কেউ নেয় না।
নাফসি হাসান ময়ূর ফেসবুকে লিখেছেন, এই হচ্ছে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা! বিশ্ববিদ্যালয় তৈরি করে শিক্ষার মানের উন্নতি ঘটাতে না পারলেও ইডেন আর বদরুন্নেসা থেকে মেয়ে এনে নাচাতে তারা সফল। কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এমন অবস্থা শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।
এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কেফায়েত হোসেন বলেন, আমি দেখেছি, শহীদ মিনারটি পর্দা দিয়ে আড়াল করে সেখানে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। যতদূর জানি, আয়োজকদের পক্ষ থেকে অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সে অনুমতি দেওয়া হয়নি। আমার মনে হয়, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম ব্যবহারের সুযোগ দেওয়া হলে শিক্ষার্থীদের বাইরে অনুষ্ঠান আয়োজনের প্রয়োজন হতো না।
তবে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আয়োজকদেরও আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। অনুষ্ঠান আয়োজনের আগে স্থান, প্রয়োজনীয় অনুমতি ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলো নিশ্চিত করে নেওয়া উচিত। এতে একদিকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়বে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিতর্কও এড়ানো সম্ভব হবে।
শহীদ মিনারের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।