মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সার্বিক দিকনির্দেশনায় ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আওলাদ হোসেন।
ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পরীক্ষা ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন। এই ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.ac.bd) প্রকাশ করা হবে। গবেষণাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে উচ্চতর গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।