ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে নারীদের সচেতন করতে ঝিনাইদহে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (CAP)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের ত্রিবেণী বাজারসংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১২ থেকে ১৮ বছর বয়সী বেশকয়েকজন তরুণীসহ বিভিন্ন বয়সী নারীরা অংশ নেন।
বৈঠকে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ক্যান্সার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত নারীরা নিজেদের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। পরে তাদের প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অদিতি ঢালীসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা। স্তন ক্যান্সার বিষয়ে বক্তব্য দেন জান্নাতুল মাওয়া ও মোহনা আফরিন মুন্নি। জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে আলোচনা করেন লিজা আক্তার। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন অদিতি ঢালী। অনুষ্ঠানের তথ্য সংগ্রহে ছিলেন CAP-এর কোষাধ্যক্ষ ফারিহা তাসনিম।
এ বিষয়ে সাধারণ সম্পাদক অদিতি ঢালী বলেন, নতুন কমিটির প্রথম উঠান বৈঠকে নানা সীমাবদ্ধতার মধ্যেও ত্রিবেণীর নারীদের সচেতন করতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় এক নারী লজ্জার কারণে নিজের সমস্যার কথা বলতে না পারলেও একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে তা জানান। নারীদের এমন না-বলা কথা ও অনুভূতির অংশীদার হতে পারা তাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
প্রসঙ্গত ‘ক্যান্সার নিয়ে ভয় নয়, সচেতনতাই হোক প্রতিরোধের প্রথম পদক্ষেপ’ স্লোগানকে সামনে রেখে CAP নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে আসছে। এর অংশ হিসেবে সংগঠনটি নিয়মিতভাবে স্কুল, কলেজ ও প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।