ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
বাংলাদেশকে একটি উদীয়মান মেরিটাইম হাব হিসেবে গড়ে তুলতে সুনীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’ বিষয়ে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আশা প্রকাশ করেছেন, এ ক্ষেত্রে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করবে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতে মেরিটাইম ইউনিভার্সিটির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। এ সময় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি এবং মেরিটাইম খাতে শিক্ষার্থীদের দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষামন্ত্রী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এর শিক্ষার্থীদের পড়াশোনা, সার্বিক কল্যাণ এবং উচ্চশিক্ষায় গবেষণার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সুনীল অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।
মেরিটাইম খাতে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করার জন্য মেরিটাইম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারে দক্ষ মেরিটাইম পেশাজীবী তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।