ইবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া এ প্রস্তাব আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
উপাচার্য বলেন, কোডিং সিস্টেমে পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তাবটি উত্থাপন করা হবে। এ বিষয় উপাচার্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এর আগে (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি নিয়োগকে কেন্দ্র করে বিভাগের ইস্যু নিয়ে দাবি জানাতে গেলে তাদের সঙ্গে আলাপচারিতায় উপাচার্য বলেন, ‘তোমাদের একাডেমিক কার্যক্রমের যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি সমাধান করব। আমরা শিক্ষার্থীদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিচ্ছি। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা বজায় রাখতে রোল লেখার নিয়ম তুলে দিয়ে কোডিং সিস্টেম চালু করা হচ্ছে।’
আরও পড়ুন: জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদিন খোলা
পরীক্ষার খাতায় রোল নম্বরের বদলে কোডিং সিস্টেম চালুর এ ঘোষণাকে ইবি শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর মাধ্যমে খাতা মূল্যায়নে শিক্ষক-শিক্ষার্থীর পরিচয় গোপন থাকবে এবং মূল্যায়নে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।