জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সের লিখিত ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আওলাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ঢাকার ধানমন্ডির ডক্টর মালিকা কলেজে। কলেজটির ঠিকানা প্লট নং-৭২, রোড নং-৭/এ, ধানমন্ডি, ঢাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি কোর্সে আবেদনকারী ভর্তিচ্ছুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেককে অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।