ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
আসন্ন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের ১, ২ ও ৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইবি প্রশাসনের সাক্ষাৎ শেষে এই তথ্য জানা গেছে
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাষ্ট্রপতির বাসভবন 'বঙ্গভবন' এ তাঁর সাথে সাক্ষাৎ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন যাবত সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি উপস্থাপন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছরের ফেব্রুয়ারিতে সমাবর্তন আয়োজনের ব্যাপারে ইতিবাচক মতামত দেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪ বার। ২০১৮ সালে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময়। প্রথম সমাবর্তন হয় ১৯৯৩ সালের ২৭ এপ্রিল, দ্বিতীয়টি ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর, তৃতীয়টি ২০০২ সালের ২৮ মার্চ এবং সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারীর তত্ত্বাবধানে। তারপর থেকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও সমাবর্তন আর অনুষ্ঠিত হয়নি।