শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ মেলায় অংশ নিতে আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অধিভুক্ত কলেজের আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে এতে অংশ নিতে পারবেন। তবে উপস্থাপিত প্রকল্পটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। আগে উপস্থাপন করা কোনো প্রকল্প এ প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না
এতে বলা হয়, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তাও থাকবে।
এতে আরও বলা হয়, রেজিস্ট্রেশনের জন্য https://www.zrf.info/registration এই লিংকে প্রবেশ করতে হবে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজকদের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।