জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে ৩টি এবং প্রভাষক পদে ৭টি শূন্য পদ রয়েছে। সহকারী অধ্যাপক পদে আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬)।
প্রভাষক পদে আইন বিভাগে ২টি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে একটি করে পদ রয়েছে। এ পদের বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)। প্রভাষক পদে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
সহকারী অধ্যাপক পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদভুক্ত বিভাগগুলোর ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে। সনাতন পদ্ধতির প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
সহকারী অধ্যাপক পদে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অন্তত এক বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে অন্তত একটি ফার্স্ট অথর হিসেবে প্রকাশিত হতে হবে।
প্রভাষক পদেও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। উভয় পদের ক্ষেত্রেই শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায়ও বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফলাফল থাকতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা শিথিলযোগ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট jobs.nu.ac.bd-এ অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করার পর User ID ও Password দিয়ে লগইন করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের Online Payment Gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
প্রার্থীদের সব পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতিপত্র, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদ এবং প্রকাশনার সমর্থনে সত্যায়িত প্রমাণপত্র অনলাইনে নির্ধারিত অংশে আপলোড করতে হবে।
এ ছাড়া অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট আগামী ১২ অক্টোবর অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র না পৌঁছালে আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগসংক্রান্ত পরীক্ষা ও নির্বাচনী বোর্ডের তারিখ ডাকযোগে, কুরিয়ার সার্ভিস, এসএমএস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না। সাক্ষাৎকারের সময় সব মূল সনদ ও সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্যসম্বলিত আবেদন বাতিল করা হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে।