১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৮

জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি

জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি  © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ উন্নয়ন, খাবারে ভর্তুকি, ছাত্রী হলের খাবার ও পানির সমস্যা সমাধান এবং লিফটের নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান, পরিচ্ছন্নতা ও খাবারের বৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। পাশাপাশি ছাত্রী হলের খাবার ও পানির ব্যবস্থাপনা এবং বিভিন্ন ভবনের লিফট নিয়েও সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

জাতীয় ছাত্রশক্তির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আগামী রবিবার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং খাবারের মান বৃদ্ধি করা। পাশাপাশি খাবারের আইটেম বাড়িয়ে কমপক্ষে ১০ ধরনের ভর্তা-ভাজি রাখার দাবি জানানো হয়।

আরও পড়ুন: জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

তৃতীয় দাবিতে আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিনা মূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা বন্ধ করার কথাও বলা হয়।

চতুর্থ দাবিতে ছাত্রী হলগুলোতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ এবং পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার করার দাবি জানানো হয়। সংগঠনটির দাবি, পানির ট্যাংক পরিষ্কার না করায় পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হচ্ছে।

এ ছাড়া শহীদ সাজিদ ভবনের ১২ দিন ধরে বন্ধ থাকা লিফট দ্রুত মেরামত এবং ছাত্রী হলের লিফটের নিরাপত্তাজনিত সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। ক্যাফেটেরিয়া ও হলের খাবার-পানির বিষয়গুলো শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত। তাই এসব সমস্যা দীর্ঘদিন ফেলে না রেখে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু খাবারের মান উন্নয়ন নয়, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পানির ট্যাংক পরিষ্কার রাখা এবং লিফটের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় ক্যাফেটেরিয়া, হলের খাবার, পানি ও লিফট নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা পাঁচ দফা দাবি জানিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি ভর্তুকির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী খাবার নিশ্চিত করতে হবে। ছাত্রী হলের খাবার ও পানির ব্যবস্থাপনা এবং লিফটের নিরাপত্তার বিষয়েও প্রশাসনকে গুরুত্ব দিতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।