জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপত্র বাতিল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পত্র কোড ২১২১০৯ (Introduction of Social Work) এর পূর্বে সরবরাহ করা প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে ট্রেজারিগুলোতে সংরক্ষিত পত্র কোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের প্রশ্নপত্র বাতিল করা হলো। এর পরিবর্তে একই পত্র কোডের নতুন মুদ্রিত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।
নতুন প্রশ্নপত্রে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যথাসময়ে দেশের সব সংশ্লিষ্ট ট্রেজারিতে নতুন প্রশ্নপত্র সরবরাহ করবেন।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।