০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ১ম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক নিয়োগ এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি সেশনে সর্বোচ্চ ৩০ জন পরীক্ষার্থী নিয়ে ২ ঘণ্টার মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কলেজগুলো প্রয়োজনীয় সংখ্যক সেশন নির্ধারণ করবে।

প্রতিটি কলেজে প্রয়োজনীয় সংখ্যক অভ্যন্তরীণ পরীক্ষক দায়িত্ব পালন করবেন। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি কলেজের জন্য যোগ্যতা সম্পন্ন বহিঃপরীক্ষক মনোনয়ন করবে। একজন বহিঃপরীক্ষক সর্বোচ্চ ৯টি সেশনে ২৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যেই বহিঃপরীক্ষকের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষার তারিখ নির্ধারণ করতে হবে। সাধারণভাবে সংশ্লিষ্ট কলেজেই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোনো কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৯০ জনের কম হলে পার্শ্ববর্তী কলেজের পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্র গঠন করা হবে। এ ক্ষেত্রে যে কলেজে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেটিকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে।

এ ছাড়া কোনো কলেজে প্রয়োজনীয় ল্যাব বা ব্যবহারিক সুবিধা না থাকলে বিশ্ববিদ্যালয়কে অবহিত করে অস্থায়ী ল্যাব স্থাপন, পার্শ্ববর্তী কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাব এবং টিচার্স ট্রেনিং কলেজের ল্যাব ব্যবহার করে পরীক্ষা নেওয়া যাবে।

বহিঃপরীক্ষককে পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা ও একাডেমিক মান বজায় রাখতে হবে। অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক সমন্বিতভাবে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করবেন। নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট সব পরীক্ষককে উপস্থিত থেকে পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা ফলাফল প্রকাশের দিন থেকে চার মাস সংশ্লিষ্ট কলেজ বা কেন্দ্রে সংরক্ষণ করতে হবে।

অধ্যক্ষরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে ICT বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও একাডেমিক মানসম্পন্ন পরিবেশে সম্পন্ন করার ব্যবস্থা করবেন বলে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।