দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলামের বাবা মনিরুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাঁদবিলা গ্রামে।
জানা যায়, গত শুক্রবার চিকিৎসার জন্য মনিরুল ইসলামকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়। সেদিন জুমার নামাজ পড়ার জন্য যশোর সদর হাসপাতাল জামে মসজিদে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি তে আক্রান্ত।
নিখোঁজের ঘটনায় তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি যশোরের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ও অনলাইনে তার সন্ধান চেয়ে পোস্ট করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সুমাইয়া ইসলাম বলেন, ‘আমার আব্বু ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। গত শুক্রবার তাকে চিকিৎসার জন্য যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন জুমার নামাজ পড়ার জন্য তিনি শহরের একটি মসজিদে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় জিডি করেছি এবং বিভিন্ন জায়গায় তার সন্ধান চেয়ে পোস্ট করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে আমরা তিন ভাই-বোন। বড় বোন বিবাহিত এবং ভাই দেশের বাইরে থাকে এবং আমার আম্মুর শারীরিক অবস্থাও খুব খারাপ তিনি কিডনিতে পাথর ও জরায়ুর ইনফেকশনে ভুগছেন। পরিবারে এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার মতো একমাত্র আমিই আছি। আব্বুকে নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি।’
মনিরুল ইসলামের এর সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ ( ০১৯৭১৫০২২৪৫) করার জন্য অনুরোধ করা হয়েছে।