২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন কার্ড আগামীকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে অনলাইনে ইস্যু করা হবে। কলেজ কর্তৃপক্ষ ৮ অক্টোবর পর্যন্ত এসব রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফকির রফিকুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড পেজে গিয়ে College Login-এর মাধ্যমে User ID ও Password ব্যবহার করে কার্ড ডাউনলোড করতে পারবে। প্রিন্ট করা কার্ডে শিক্ষার্থীর সব তথ্য ও ছবি যাচাই করে সঠিক থাকলে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। শিক্ষার্থীর ছবির ওপরও অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিতে হবে।
কোনো শিক্ষার্থী নিজের ছবির পরিবর্তে অন্যের ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের জন্য Password সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ ডিন দপ্তরে আবেদন করতে হবে। তবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত User ID ও Password বহাল থাকবে।
এ ছাড়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বা এর আগের মাস্টার্স ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম অথবা বাবা-মায়ের নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের জন্য আবেদন করতে হবে।