০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়ে চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণের পর কলেজ কর্তৃপক্ষকে ২৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চয়ন করতে হবে। পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টা।

২০২২-২৩ শিক্ষাবর্ষের যোগ্য শিক্ষার্থীরা নিয়মিত এবং ২০১৮-১৯ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীরা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন। ২০২৪ সালের পরীক্ষায় সি+, সি ও ডি গ্রেড পাওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস পোর্টালে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফরম পূরণ করে প্রিন্ট কপি নির্ধারিত ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। বিষয়কোড সঠিকভাবে নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।