৩১ আগস্ট ২০২৬, ০৮:১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা করা হবে আজ সোমবার। এদিন বিকেল ৪টায় মেধা তালিকা প্রকাশের পর একই সময় থেকে SMS এবং রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখা যাবে।

২৪ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টা থেকে SMS-এর মাধ্যমে ফল জানতে nu athn Application ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফলাফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৩১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। এরপর ১ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এসব শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২য় রিলিজ স্লিপে স্থান পাওয়া কোনো শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকলে তাকে ৬ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। এরপর অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এছাড়া ২য় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি সনদপত্র ও নম্বরপত্রের সঙ্গে যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে বলা হয়েছে। কোনো তথ্য বা ছবিতে অসংগতি পাওয়া গেলে ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে।

অন্যদিকে, ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১ হাজার ১৩০ টাকা হারে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে।