৩১ আগস্ট ২০২৬, ০০:৪৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকলের দায়ে শাস্তি পাওয়ার তালিকায় কুমিল্লার দুটি কলেজ শীর্ষস্থানে রয়েছে। কলেজ দুটি হলো- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ। এ দুই কলেজের ১০ জন করে শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন।

কুমিল্লার দুই কলেজের পরের অবস্থানে রয়েছে নেত্রকোনা সরকারি কলেজ। নকলের দায়ে শাস্তির তালিকায় এ কলেজের ৯ পরীক্ষার্থী রয়েছেন। তাদেরও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ বিধি অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২৮৮ জন পরীক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলসহ বিধি অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: কেউ ১ বছর, কেউ ৩-৪ বছর পরীক্ষা দিতে পারবেন না— শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮৮ শিক্ষার্থী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, কৈফিয়তপত্রের জবাব এবং নকলের আলামত পর্যালোচনা করে অপরাধের ধরন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেগুলেশন অনুযায়ী এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের বিভিন্ন কলেজের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষক, পরিদর্শক ও প্রধান পরীক্ষকদের পাঠানো অভিযোগের ভিত্তিতে এসব শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে বিষয়গুলো পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হয়।

পরীক্ষা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৮৮ শিক্ষার্থীর মধ্যে ২১৬ জনের শুধু সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৫৫ জনের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর, ১৪ জনের পরবর্তী তিন বছর এবং তিনজনের পরবর্তী চার বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।