অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া ‘Introduction of Social Work’ বিষয়ের পত্রকোড-২১২১০৯ এর পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে। এ পরীক্ষা পরীক্ষা কোড-২২০১ এর আওতায় অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী বাংলা, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (নতুন সিলেবাস) বিষয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।