জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের অধীনে এলএলবি ফাইনাল (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪) কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা থেকে সংশ্লিষ্ট কলেজগুলো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবে। এ কার্যক্রম চলবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে College Login-এর মাধ্যমে User ID ও Password ব্যবহার করে Corrected Regicard Download অপশন থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে। প্রিন্ট করা কার্ডে শিক্ষার্থীর তথ্য ও ছবি যাচাই করে শিক্ষার্থী ও কলেজ অধ্যক্ষকে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। ছবির ওপরও অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিতে হবে।
যেসব কলেজ এখনো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের Password সংগ্রহ করেনি, তাদের কলেজের কোড, নাম, ঠিকানা, ফোন/মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ ডিন দপ্তরের pgdeanoffice@gmail.com ই-মেইলে আবেদন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমের কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। একই সময়ে অন্য কোনো মাস্টার্স বা প্রিলিমিনারি টু মাস্টার্স কিংবা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীর এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কার্ডও ইস্যু করা হবে না।
এ ছাড়া ভর্তির সময় নিজের ছবির পরিবর্তে অন্যের ছবি ব্যবহার করা হয়ে থাকলে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম বা বাবা-মায়ের নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।