৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউ-এর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ও পরীক্ষা সংক্রান্ত বিবরণ তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের সমন্বয়ে আয়োজিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে অতি দ্রুত ঢাবি ও ডিসিইউ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে এবং দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’ গঠিত হবে। চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাবি থেকে উল্লিখিত ৩টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফল, সিলেবাস ও একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফটকপি ডিসিইউ প্রশাসনের কাছে সমর্পণ করা হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের যাবতীয় দিকনির্দেশনা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং প্রত্যেকটি সংযুক্ত কলেজে পৃথক ‘হেল্পডেস্ক’ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, পরীক্ষাগুলো ঢাবির বর্তমান সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ সেপ্টেম্বর ২০২৬ এবং পরীক্ষা শুরু অক্টোবরের ২য় সপ্তাহে অনুষ্ঠিত হবে (যার টার্মপেপার মূল্যায়ন স্ব স্ব কলেজের বিভাগ সম্পন্ন করবে)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের ফরম পূরণ অক্টোবর ২০২৬ এবং পরীক্ষা শুরু নভেম্বরের ৩য় সপ্তাহে নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ ডিসেম্বর ২০২৬ এবং পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির ১ম সপ্তাহে। পরীক্ষার বিষয়ভিত্তিক রুটিন ও চূড়ান্ত তারিখ খুব দ্রুতই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।