জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছড়াকার তাইয়্যেবা হাসানের প্রথম ছড়াগ্রন্থ ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
জানা যায়, ‘শব্দে আঁকা স্বপ্ন’ তাইয়্যেবা হাসানের প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ। গ্রন্থটিতে ছড়ার মাধ্যমে লেখকের সৃজনশীল ভাবনা, কল্পনা ও স্বপ্নের প্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাহিত্যচর্চা ও নিজস্ব গ্রন্থ প্রকাশের উদ্যোগকে উপস্থিত শিক্ষক ও সংশ্লিষ্টরা উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন। তারা ‘শব্দে আঁকা স্বপ্ন’-এর বহুল পাঠ ও সাফল্য কামনা করেন।
উপস্থিত শিক্ষক ও সংশ্লিষ্টরা বলছেন, তাইয়্যেবা হাসানের এই সাহিত্যচর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তার সৃজনশীল লেখনী পাঠকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।
এ বিষয়ে তাইয়্যেবা হাসান বলেন,‘বর্তমান সময়ে আমাদের দেশে শিশু-কিশোরদের উপযোগী ছড়া লেখার মানুষ এবং ছড়াকারের সংখ্যা অত্যন্ত সীমিত, যা আমাকে ভীষণভাবে তাড়িত করে। সেই শূন্যতার জায়গায় দাঁড়িয়ে ছড়াশিল্পকে নতুন করে সমৃদ্ধ করার এবং ছোটদের রঙিন শৈশবকে ছন্দের দোলায় রাঙিয়ে দেওয়ার একটি সৎ চেষ্টা আমি করেছি। আমি অত্যন্ত আশাবাদী যে, ছন্দের এই সুর আমাদের সাহিত্যের আঙিনায় নতুন এক প্রাণের সঞ্চার করবে এবং এই পথ ধরে আমি বহুদূর হেটে যেতে পারব।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।