২৫ আগস্ট ২০২৬, ১২:৪০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষার নির্দেশনা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়  © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা আবার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিভুক্ত সব কলেজ ও ইনস্টিটিউটকে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আইসিটি ব্যবহারিক পরীক্ষার মোট নম্বর ২৫। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৬, রিপোর্ট বুক লেখায় ৫ এবং মৌখিক পরীক্ষায় ৪ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত পরীক্ষণ তালিকা থেকে পরীক্ষক দৈবচয়ন পদ্ধতিতে দুটি পরীক্ষণ নির্বাচন করবেন। শিক্ষার্থীদের কম্পিউটার ল্যাবে নির্বাচিত পরীক্ষণ সম্পন্ন করতে হবে এবং ল্যাবরেটরি উত্তরপত্রে সম্পাদিত পরীক্ষণের কার্যপ্রণালি লিখতে হবে। পরীক্ষণের সঠিকতা, নির্ভুলতা, যথাযথ পদ্ধতি অনুসরণ এবং নির্ধারিত কাজ সম্পন্ন করার সক্ষমতার ভিত্তিতে নম্বর দেওয়া হবে।

রিপোর্ট বুকের জন্য চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার আগেই সম্পন্ন করা পরীক্ষণগুলোর রিপোর্ট প্রস্তুত করতে হবে। ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষক শিক্ষার্থীদের জমা দেওয়া রিপোর্ট মূল্যায়ন করবেন।

অন্যদিকে ল্যাবরেটরি পরীক্ষা শেষে ৪ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের সম্পাদিত পরীক্ষা, ব্যবহৃত ল্যাবরেটরি টুলস, কার্যপ্রণালি, সংশ্লিষ্ট ধারণা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে প্রশ্ন করা হবে। একই সঙ্গে তাত্ত্বিক জ্ঞান, সমস্যা সমাধানের সক্ষমতা ও ব্যবহারিক প্রয়োগের দক্ষতা মূল্যায়ন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অনার্স প্রথম বর্ষের তত্ত্বীয় পরীক্ষা আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার পরপরই আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।