২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৬

তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

ঢাকার সরকারি সাত কলেজকে একত্র করে সদ্য প্রতিষ্ঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র কাঠামোর অধীন সংযুক্ত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মহাখালী-গুলশান সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীদের ‘শিক্ষা নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘তিতুমীরে ইন্টার, চলবে না চলবে না’, ‘সিন্ডিকেটের কালো হাত, ঘুরিয়ে দাও ভেঙে দাও’, ‘সেন্ট্রালের ঠিকানা, তিতুমীরে হবে না হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকা কিংবা বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত হওয়া কোনো কাঠামোর মাধ্যমেই তাদের দীর্ঘদিনের সেশনজট, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। 

তাদের দাবি, শুধু নাম বা অধিভুক্তি পরিবর্তন না করে তিতুমীর কলেজকে নিজস্ব পরিচয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাই এসব সমস্যার স্থায়ী ও যৌক্তিক সমাধান।

তবে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবেই অনার্স শেষ করতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সার্টিফিকেট পাওয়ার নিশ্চয়তা চান। এজন্য তারা বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।