২২ আগস্ট ২০২৬, ২২:৫৯

পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ  © সংগৃহীত

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরামর্শক পুলে ( বিশেষজ্ঞ প্যানেল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত ২০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এই পরামর্শক পুল গঠন করা হয়েছে।

​গঠিত ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের পরামর্শক পুলে সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুন পারভেজ। দেশ-বিদেশের খ্যাতনামা উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে অন্যতম সিনিয়র সদস্য করা হয়।

​এই কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি, কৌশল, নির্দেশিকা প্রণয়ন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তির (যেমন: জিআইএস, রিমোট সেন্সিং, ডেটা সায়েন্স) প্রয়োগ, জলবায়ু তহবিল সংগ্রহ এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ প্রদান করবে। শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অংশীদারিত্ব এক অনন্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।