নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং নেতৃত্বগুণ দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে রাষ্ট্রপতির ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং তরুণ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার
ক্ষেত্রে রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ও শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে জাতীয় অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিনন্দন বার্তায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কল্যাণ কামনা করেন।