বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জ সংলগ্ন আলম মার্কেট এলাকার কাছে প্রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে গোপাল (১৫) নাম এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমা বিসর্জনের জন্য তারা সবাই একসঙ্গে বুড়িগঙ্গা নদীতে যান। এ সময় অন্যদের সঙ্গে ওই কিশোরও প্রতিমা বিসর্জনে অংশ নেয়। প্রতিমার পাশ দিয়ে পানিতে ডুব দেওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের পরিবারের সদস্য শিমা জানান, তার সঙ্গে থাকা আরও দুই ছেলে মাঝখানে সাঁতার কাটছিল। তবে কিশোরটি নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেনি। পরে আনুমানিক দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে পরিবার বিষয়টি জানতে পারে।
কিশোরের গোপালের বন্ধু প্রত্যয় জানান, নৌকা অন্য পাড়ে পৌঁছানোর পর কয়েকজন পানিতে লাফ দেয়। পরে নৌকার মাঝামাঝি অবস্থান থেকে ৩-৪ জন পানিতে লাফ দিলে তাদের দেখাদেখি ওই কিশোরও লাফ দেয়। পানিতে নামার পরপরই বড় একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায় বলে জানান তিনি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।