২১ আগস্ট ২০২৬, ১০:৫৩

সেশনজট কমাতে দুই শিক্ষাবর্ষের এলএল.বির পরীক্ষা একসঙ্গে অক্টোবরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এলএল.বি কোর্স পাঠদানকারী কলেজগুলোর ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এলএল.বি ১ম পর্বের পরীক্ষা একসঙ্গে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেশনজট নিরসনের লক্ষ্যে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এলএল.বি ১ম পর্বের পরীক্ষা একত্রে অক্টোবর ২০২৬-এ গ্রহণ করা হবে।

এতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।