১৯ আগস্ট ২০২৬, ২২:১০

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ সাত কলেজের অধ্যক্ষদের   © সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজের অধ্যক্ষরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

সাক্ষাৎকালে সাত কলেজের অধ্যক্ষরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে কলেজগুলোর অবকাঠামোগত নানা সমস্যা, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের সময়সীমা বাড়ল

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘পরিপত্র এবং মূলত সাতটি কলেজের অবকাঠামোগত সমস্যা নিয়েই কথা হয়েছে। সেখানে সাতটি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।’

তিনি বলেন, ‘কলেজগুলোর বিভিন্ন অবকাঠামোগত সমস্যা রয়েছে। এসব সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং পরিপত্রের বিষয়গুলো কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’