১৯ আগস্ট ২০২৬, ১৪:০১

ইবিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের গেটে তালা ঝুলিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ বিভাগ থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে আন্দোলনরত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে প্রক্টরিয়াল বডির সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের ব্যাপারে জানানো হয়। 

এতে বলা হয়, ১৮/০৮/২০২৬ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে তালাবদ্ধ করা এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে অসদাচরণ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করেছেন। গঠিত কমিটি ঘটনার কারণ উদঘাটন, দোষীদের চিহ্নিতকরণ এবং শান্তি নির্ধারণ বিষয়ে একটি প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে উপাচার্যের নিকট জমা প্রদান করবেন। 

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজিস্ট্রার শাখার উপরেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম রিপু। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

আরও পড়ুন: চূড়ান্ত পরীক্ষার সময়ই নতুন বই পাবে শিক্ষার্থীরা, মাদ্রাসা-কারিগরিতে হচ্ছে ২০৯১৫ ডিজিটাল ক্লাসরুম

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের দুটি গেটেই তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক সাদিকুল আজাদের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী সিনিয়র শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস শাহীদ মিয়াকে মার্কেটিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয় প্রশাসন। এরই প্রতিবাদে নিজ বিভাগের শিক্ষকদের মধ্যে থেকে বিভাগীয় সভাপতি নিয়োগের দাবিতে কর্মসূচি পালন করছেন তারা।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের অনুরোধে দুপুর ১২টার দিকে তারা ভবনের তালা খুলে দেন। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের দাবি লিখিত আকারে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।