ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের সময়সীমা বাড়ল
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত ভোট দিতে পারবেন তারা। একইসঙ্গে মোবাইল নম্বর হালনাগাদ পদ্ধতি নিয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে পূর্বঘোষিত অনলাইন ভোট গ্রহণ কার্যক্রম (সোমবার সকাল ১০টা থেকে) চলমান রয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, মোবাইল নম্বর পরিবর্তনজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে সংরক্ষিত নম্বরে ওটিপি না পৌঁছানোয় তাঁরা ভোট প্রদান করতে পারছেন না। উদ্ভূত এ কারিগরি ত্রুটি বিবেচনায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভোট গ্রহণের সময়সীমা বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত (মোট ৭৮/আটাত্তর ঘণ্টা) বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মোবাইল নম্বর পরিবর্তনজনিত সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সুবিধার্থে ভোট দেয়ার ওয়েবসাইটে (https://vote.dcu.ac.bd/) নম্বর পরিবর্তন ও ভোটের অনুরোধ শীর্ষক একটি পৃথক অনলাইন ফরম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উক্ত ফরমে তাঁর সচল মোবাইল নম্বর উল্লেখপূর্বক জাতীয় পরিচয়পত্রের কপি ও সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের কপি সংযুক্ত করে ভোট প্রদানের অনুরোধ জমা দিতে পারবেন। প্রশাসনিক যাচাই-বাছাই এর পর সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে সফলভাবে ভোট প্রদান করেছেন, তাঁদের পুনরায় কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। কোনো শিক্ষার্থী যেন কারিগরি কারণে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই কর্তৃপক্ষের অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের ধৈর্য ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান।