খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জবি ছাত্রদল নেতার উদ্যোগে খাবার ও পানি বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
শনিবার (১৬ আগস্ট) জবি ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁর নেতৃত্বে অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন।
কর্মসূচিতে মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রামী একজন নেত্রী। তাঁর জন্মদিনে শুধু আনুষ্ঠানিকতা নয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকবে। মানবিক ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে আমরা একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।’
কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।