বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষকের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাজহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক।
জিডি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ তাঁর নাম ও ছবি ব্যবহার করে ‘Yousf From BRUR’ নামে একটি ফেসবুক আইডি খোলার বিষয়টি দেখতে পান। আইডিটিতে তাঁর বিভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
জিডিতে শিক্ষক মো. ইউসুফ অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই নাম ও ছবি ব্যবহার করে ওই ফেসবুক আইডি খোলা হয়েছে। এর মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় তিনি গত ১৫ আগস্ট ২০২৬ তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আরও খবর: আওয়ামী আমলের নীতিমালাই বহাল, ফেসবুকে মতপ্রকাশ নিয়ে অস্বস্তিতে শিক্ষকরা
জিডিতে উল্লেখ করা হয়েছে, ভুয়া আইডি পরিচালনাকারী ব্যক্তির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জিডিতে সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে থানায় নথিভুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছে ভুক্তভোগী।