১৫ আগস্ট ২০২৬, ০৮:১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে আবেদন করতে লাগবে যেসব যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামের ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল (রবিবার) বিকেল ৪টায়। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টোম্বর রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০:৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ইমেইলে আবেদন করতে হবে।

আরও বলা হয়, যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একইসঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখা থেকে ২০২১/২০২২/২০২৩ সালের SSC/সমমান পরীক্ষা এবং ২০২৩/২০২৪/২০২৫ সালের HSC/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর 'ক' নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

গ) ২০২১/২০২২/২০২৩ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২৩/২০২৪/২০২৫ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে 'বি' গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল এ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে) ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ-১ এর 'ক' নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ইমেইল এ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, বোর্ড কর্তৃক সমতা নিরূপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।

ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ অথবা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে পারবে।

চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

ছ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে।