১৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪

ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে

অধিভুক্ত সরকারি সাতটি কলেজের লোগো  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা যথাযথভাবে অনুধাবনপূর্বক একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আগামী রবিবার (১৬ আগস্ট ২০২৬) থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে উক্ত সময়সীমার মধ্যে নিজ নিজ কলেজের অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ছক যথাযথভাবে পূরণ করে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। প্রাপ্ত মতামতসমূহ যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার শান্তিপূর্ণ সুরাহা সম্ভব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মতামত সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, অধ্যক্ষমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

এদিকে, মতামত গ্রহণের জন্য নির্ধারিত ছকে শিক্ষার্থীদের নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের তথ্যের পাশাপাশি—‘আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সম্মত আছেন?’ এ প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনের মাধ্যমে তাদের মতামত দিতে পারবেন।