১১ আগস্ট ২০২৬, ২০:০১

ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হিসেবে খুবির জুহি

নুসরাত জাহান জুহি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

জার্মানির মর্যাদাপূর্ণ ডিএএডি হেলমুট-শ্মিট প্রোগ্রাম পাবলিক পলিসি অ্যান্ড গুড গভর্ন্যান্স-এ স্কলারশিপ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান জুহি। এ স্কলারশিপের আওতায় জার্মানির ওসনাব্রুক ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে ‘ম্যানেজমেন্ট ইন নন-প্রফিট অর্গানাইজেশনস’ বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন তিনি। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ প্রোগ্রামে সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি শিক্ষার্থী জুহি।

বিশ্বজুড়ে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এ স্কলারশিপটি শতভাগ অর্থায়িত। এর আওতায় জুহি সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক বৃত্তি, স্বাস্থ্যবীমা, বিমানভাড়া, বার্ষিক গবেষণা অনুদান এবং জার্মানিতে পৌঁছানোর পর চার মাসের পূর্ণকালীন জার্মান ভাষা শেখার সুযোগ পাবেন।

একাডেমিক ফলাফলের পাশাপাশি গবেষণাক্ষেত্রেও জুহির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। তার সিজিপিএ ৩.৬৯ এবং আইইএলটিএস স্কোর ৭.০। আন্তর্জাতিক মানের জার্নালে তার তিনটি পিয়ার-রিভিউড গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এর মধ্যে দুটি কিউ১ এবং একটি কিউ২ শ্রেণির জার্নালে প্রকাশিত। এছাড়া দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের অভিজ্ঞতা রয়েছে তার। একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা থেকেও গবেষণা অনুদান পেয়েছেন জুহি।

বর্তমানে তার আরও দুটি গবেষণাপত্র পিয়ার রিভিউয়ের অপেক্ষায় রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা জিটিএ-সহ পূর্ণ অর্থায়িত স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অব হিউস্টারে স্নাতকোত্তর করার সুযোগও পেয়েছিলেন জুহি।

শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রেও সক্রিয় তিনি। তরুণদের সামাজিক সংগঠন ‘টুয়োয়ার্ডস সাসটেইনেবিলিটি’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান ‘আরপা’-তে পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।

ডিএএডি হেলমুট-শ্মিট স্কলারশিপ অর্জনের অনুভূতি জানিয়ে জুহি বলেন, অনুভূতিটা অত্যন্ত গর্বের এবং দায়িত্ববোধের। প্রথম প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে নিজের দেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পেরে ভীষণ ভালো লাগছে। আমার বিশ্বাস, এই অর্জন বাংলাদেশের তরুণ গবেষক এবং বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

জুহির এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।