০৯ আগস্ট ২০২৬, ১৮:২৩

জুলাই দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে অধ্যক্ষকে ছাত্রশক্তির স্মারকলিপি

ছাত্রদলের হামলার প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি  © টিডিসি ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিতুমীর কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

আজ রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির নেতৃবৃন্দ অধ্যক্ষ বরাবর এ স্মারকলিপি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি নিরব হাসান সুজন, সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আল নোমান নিরবসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে ক্যাম্পাসে দখলদারিত্ব, ভয়ভীতি ও সহিংসতার রাজনীতি বন্ধে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা, জড়িত নিয়মিত শিক্ষার্থীদের চিহ্নিত করে বহিষ্কার করা, ক্যাম্পাসে বহিরাগতদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা এবং ক্লাস চলাকালে রাজনৈতিক শোডাউন ও স্লোগান বন্ধ করা।

এ ছাড়া ক্যাম্পাসে হামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি নিরব হাসান সুজন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী দিনগুলোতে আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব থাকার চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেছি। কিন্তু বর্তমানে ছাত্রদল যে উগ্র আচরণ করছে, তাতে বলা যায় তারা আবার লীগের মতো হওয়ার চেষ্টা করছে। তারা যদি সত্যিই লীগের মতো হওয়ার চেষ্টা করে, শিক্ষার্থীরা তাদের কখনোই মেনে নেবে না।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তিতুমীর কলেজ প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহীদ বরকত মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত হলে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনটির তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আল নোমান নিরবসহ একাধিক নেতাকর্মী আহত হন‌।