বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যাম্পাস
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা নিরসনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের আহ্বানে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে অধ্যক্ষের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকদের নিয়ে গঠিত শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বরিশাল মহানগর ও বিএম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অধ্যক্ষের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয় এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সমঝোতা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সারা দেশের বিভিন্ন স্থানের মতো বিএম কলেজ ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাব পরবর্তী দিনগুলোতেও ক্যাম্পাসে অব্যাহত ছিল। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়।
ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাতে বরিশাল মহানগর ছাত্রদল ও মহানগর ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতারা অধ্যক্ষের কার্যালয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলামের মধ্যস্থতায় উভয় পক্ষ পূর্বের ঘটনাগুলোর শান্তিপূর্ণ সমাধান এবং ভবিষ্যতে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে একমত হন।
সমঝোতা বৈঠকের পর ক্যাম্পাসে বিরাজমান উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর এমন দায়িত্বশীল ভূমিকা ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও ক্যাম্পাসে যেকোনো ধরনের উত্তেজনা বা বিরোধ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।