০৭ আগস্ট ২০২৬, ১৬:৩৫

তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য

তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৪ আগস্ট গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের প্লাকার্ড প্রদর্শনী কর্মসূচিকে ঘিরে জকসু, শিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট এর ওপন ছাত্রদলের হামলার ঘটনার তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শুক্রবার (৭ আগস্ট) হাসপাতালে গিয়ে তিনি আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

জানা যায়, হাসপাতালে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলায় আহত জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদককে দেখতে যান তিনি। যাকে গত ৫ আগস্ট সোহরাওয়ার্দী কলেজের সামনে একাকী অবস্থায় কলেজ ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে কুপিয়ে জখম করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক উপস্থিত ছিলেন।