বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুধু নিয়মিত শিক্ষার্থীদের হওয়া উচিত: অধ্যাপক বেলাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্ররাজনীতি শুধু নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেন।
তিনি বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে এবং নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘আমরা বারবার এই কথা বলছি, একটি ক্যাম্পাসকে যদি সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তাহলে নিয়মিত শিক্ষক-শিক্ষার্থীদেরই সেই উদ্যোগ নিতে হবে। যারা অছাত্র, তাদের ক্যাম্পাসে অপ্রয়োজনীয় পদচারণা কমাতে হবে।’
অছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ছাত্রজীবন যখন শেষ হয়ে গেছে, তখন অ্যালামনাই কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। কিন্তু ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা পালন করা উচিত নয়।’
সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে অধ্যাপক বেলাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংঘর্ষের ঘটনায় কারও অবহেলা বা উসকানি থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের সবার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’