সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান: কুবি উপাচার্য
‘সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান’ বলে মন্তব্য করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ‘সারা দেশে ক্যাম্পাসগুলো অশান্ত। কিন্তু আমার ক্যাম্পাসে দুই দলেরই নেতারা একই অনুষ্ঠানে পাশাপাশি বসে আলোচনা করেছে। তারা আমার সরাসরি স্টুডেন্ট। আমি তাদের কাছে কৃতজ্ঞ। একসাথে আমি আনন্দিতও।’
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসাইন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বেলাল হোসাইন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুমের মা উপস্থিত ছিলেন।