৩৬ জুলাই স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক।
জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বুধবার (৫ আগস্ট) ভোর ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধ থেকে ম্যারাথন শুরু করেন তিনি। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন শেষে সকাল ৯টার দিকে কুষ্টিয়ার হরিপুরের পুরাতন কবরস্থানে তিনজন জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ম্যারাথন শেষ করেন তিনি।
ম্যারাথন শেষে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ‘৩৬ জুলাই উপলক্ষে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে আজ আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। এটি শুধু একটি ক্রীড়া প্রদর্শনী নয়; এটি জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগ স্মরণে আমার ক্ষুদ্রতম ত্যাগের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘জুলাই ছিল স্বৈরাচারী সরকার শেখ হাসিনার শোষণ, দুঃশাসন ও জুলুমের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ গণপ্রতিবাদ। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষায় মানুষ যখন আন্দোলনে নেমেছিল, তখন বহু মানুষ নিহত ও আহত হন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের প্রত্যয় এবং জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকার নিয়েই আমার এই ৩৬ কিলোমিটারের ম্যারাথন।’