জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড) পরীক্ষা-২০২৫-এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কলেজগুলো ১৭ ও ১৮ আগস্ট আবেদন নিশ্চয়ন করবে এবং ১৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত পরীক্ষার ফি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২৩-২৪ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া ২০২৪ সালের বিএসএড পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে ‘এফ’ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা কেবল অকৃতকার্য বিষয়গুলোর জন্য মানোন্নয়ন/পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন। উল্লিখিত শিক্ষাবর্ষের বাইরে অন্য কোনো শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ পাবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস পোর্টালে (ems.nu.ac.bd) Student Login-এ প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে ফরম প্রিন্ট করে প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন যাচাই ও নিশ্চয়ন শেষে বিবরণী ফরম প্রিন্ট করে সংরক্ষণ করবে। ইনকোর্স নম্বর ছাড়া (মানোন্নয়ন পরীক্ষার্থী ব্যতীত) কোনো আবেদন নিশ্চিত করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে—প্রতি তত্ত্বীয় পত্র ৬০০ টাকা, প্রতি ব্যবহারিক পত্র ৪০০ টাকা, ব্যবহারিক কেন্দ্র ফি ৪০০ টাকা, মানোন্নয়ন ফি প্রতি পত্র ১ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা, সাময়িক সনদপত্র ফি ৫০০ টাকা, তত্ত্বীয় কেন্দ্র ফি ১০০ টাকা এবং বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিএসএডের সংশোধিত রেগুলেশন ও পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচিসহ পরবর্তী সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ও ফি জমা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।