বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গত ৩ আগস্ট সংঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার সার্বিক দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং পরিবহন পুলের পরিচালক মাসুদ রানাকে।
কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন আল-রশিদ।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুবকে কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ আগস্টের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।