বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান গেটের সামনে ‘রাজাকারের মুখে জুতা’ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ‘শিক্ষার্থী রাজাকারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে গতকাল সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।