০৪ আগস্ট ২০২৬, ১৫:২২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে বয়কটের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের চলমান শিক্ষার্থীরা। অন্তর্ভুক্তি করা হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। 

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, তারা ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার্থী। এ অবস্থায় ২০২৬ সালে প্রতিষ্ঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলে তা শিক্ষাজীবনের ধারাবাহিকতার সঙ্গে সাংঘর্ষিক হবে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে।

তাদের দাবি, বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক বিশ্ববিদ্যালয়ে মিডিয়াম অব ইনস্ট্রাকশন (MOI) সনদ প্রয়োজন হয়। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত হওয়ায় এ সনদের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু সদ্য প্রতিষ্ঠিত ডিসিইউ এখনও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত না হওয়ায় সেখান থেকে দেওয়া সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ডিসিইউতে এখনও নিজস্ব শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়নি এবং বিভাগগুলোও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

তাদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই দ্রুত লিখিত পরীক্ষাগুলো সম্পন্ন হলে চূড়ান্ত ফল প্রকাশের আগেই তারা আসন্ন ৫১তম বিসিএসে ‘অ্যাপিয়ার্ড’ প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়া ২০২১-২২ সেশনকে ডিসিইউতে স্থানান্তর করা হলে সেশনজট, নতুন সিলেবাস ও প্রশ্নপদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রিতার মতো নানা জটিলতার মুখে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা বলেন, তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বাগত জানালেও ২০২১-২২ শিক্ষাবর্ষকে সেখানে অন্তর্ভুক্ত করা হলে তারা আন্দোলনে নামবেন। প্রয়োজনে বিষয়টি নিয়ে উচ্চ আদালতেরও শরণাপন্ন হবেন বলে জানান তারা।